একঝাঁক ‘নিউ নর্মাল’ পণ্যসেবা উন্মোচন করলো অ্যাপল

১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৭  
‘নিউ নর্মাল’ উপযোগী পণ্যসেবা উন্মোচন করলো অ্যাপল। অবমুক্ত করা হলো- অ্যাপলের নতুন ভার্চুয়াল ফিটনেস সেবা,নতুন অ্যাপল ওয়াচ এসই ৬, আইপ্যাড এবং আইপ্যাড এয়ার। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে অ্যাপলের একের ভেতরে সব সাবস্ক্রিপশন সেবা ‘অ্যাপল ওয়ান’। বুধবার (১৫ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে পণ্য ও সেবাগুলো উন্মোচন করেছে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার হেড কোয়ার্টার থেকে এই অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক। এসময় তিনি আইওএস ১৪ এর সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। নতুন আপডেটে অন্যান্য অ্যাপ ব্যবহারের সময় নেটফ্লিক্স ও অ্যাপল টিভির মতো শো দেখা যাবে, কারণ এতে যুক্ত হয়েছে পিকচার-ইন-পিকচার মোড। এদিকে অবমুক্ত হওয়া অ্যাপলের নতুন পণ্যগুলো পাওয়া যাবে আগামী শুক্রবার থেকে। এবারই প্রথমবারের মতো আইফোনের সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ পেয়ারের বদলে নতুন অ্যাপল ওয়াচের জন্য ফ্যামিলি সেটআপের ব্যবস্থা রেখেছে অ্যাপল। এছাড়াও নতুন মডেলের আইপ্যাডে যোগ করা হয়েছে দ্রুতগতির চিপ। ডিভাইসটির দাম সাধারণ ভোক্তাদের জন্য ৩২৯ ডলার, আর শিক্ষার্থী ভোক্তাদের জন্য রাখা হয়েছে ২৯৯ ডলার। আর ‘অ্যাপল ওয়ান’ এর জন্য প্রতি মাসে খরচ ধরা হয়েছে ১৫ ডলার (একক ব্যক্তি অ্যাকাউন্ট) এবং ২০ ডলার (পরিবার অ্যাকাউন্ট)। পরিবার অ্যাকাউন্টে ব্যবহারকারীরা টেলিভিশন, গান, গেমস সবই পাবেন এই সেবায়। চাইলে বাড়তি ৩০ ডলার যোগ করে পাবেন সংবাদ সেবাও।